
সড়ক দুর্ঘটনায় নিহত ওয়ালী উল্লাহর পরিবারকে ১ লাখ ৮৩ হাজার টাকার সহায়তা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মরহুম ওয়ালী উল্লাহ প্রধানের পরিবারের হাতে নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম এবং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব মজুমদার (জয়)-এর উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। এ মানবিক কার্যক্রমে সহযোগিতা করে কচুয়া উপজেলা প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ এবং দেশে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সহায়তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আলম, পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব মজুমদার (জয়), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদ বাবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পালাখাল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মান্নান মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন মিয়াজী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং কবির হোসেন মাস্টারসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় নিহত ওয়ালী উল্লাহর পরিবারের সদস্যরা এই মানবিক উদ্যোগের জন্য কচুয়া উপজেলা প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ, আয়োজকবৃন্দ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
স্থানীয়দের মতে, শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে এমন সহায়তা সমাজে মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।